ইরানে সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সাহায্যে এগিয়ে আসবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত।'
ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই বিক্ষোভে একাধিক প্রদেশে বেশ কয়েকজনের মৃত্যুর পরই এই হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প।
গত রবিবার দোকানদাররা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। তারা জাতীয় মুদ্রার বড় ধরনের দরপতন এবং দ্রুত মূল্যবৃদ্ধি সামলাতে সরকারের ভূমিকার প্রতিবাদ জানান।
এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়, যা ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ে।
২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পর থেকেই দেশটির অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপে রয়েছে।
