বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শো-তে ম্যাডোনা, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার
২০২৬ সালের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া তারকাবহুল বিরতিকালীন সংগীতানুষ্ঠানের শিল্পীদের তালিকায় যোগ দিয়েছেন জাস্টিন বিবার।
আগামী ১৯ জুলাই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সুপার বোল-ধাঁচের বিরতিকালীন সংগীতানুষ্ঠানে কানাডীয় এই পপ তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের সঙ্গে মঞ্চে পরিবেশন করবেন।
এ ছাড়া ১১ মিনিটের এই পরিবেশনায় অংশ নেবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লেকে নিয়ে পিএস২২ কোরাস এবং সিসেমি স্ট্রিটের জনপ্রিয় পাপেট চরিত্রগুলো। এই আয়োজনের মাধ্যমে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-কে সহায়তা করা হবে।
বিবার বলেন, 'ফিফা বিশ্বকাপ যেভাবে পুরো বিশ্বকে একত্রিত করে, আর কোনো কিছুই তা করতে পারে না।'
বসন্তকালে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে স্মৃতিমেদুর পরিবেশনা নিয়ে আবারও মঞ্চে ফেরেন 'ইউকন' ও 'পিচেস' গানের এই শিল্পী। স্বাস্থ্যগত সমস্যার কারণে 'জাস্টিস' বিশ্ব সফর বাতিল করার পর এটিই ছিল গত চার বছরে তার সবচেয়ে বড় সরাসরি সংগীতানুষ্ঠান।
৩২ বছর বয়সী এই শিল্পী এপ্রিল মাসের সেই অনুষ্ঠানের বেশির ভাগ সময় একটি ল্যাপটপের সামনে বসে নিজের পুরোনো জনপ্রিয় গান—'বেবি', 'নেভার সে নেভার', 'ওয়ান টাইম' এবং 'বিউটি অ্যান্ড দ্য বিট'-এর ভিডিওর সঙ্গে গান গেয়ে কাটিয়েছেন।
ফিফার এই বিরতিকালীন সংগীতানুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। এর মাধ্যমে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর জন্য অর্থ সংগ্রহ করা হবে। বিশ্বের শিশুদের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ কাজ করছে।
কলম্বিয়ার পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়—যারা উত্তর আমেরিকার তিনটি আয়োজক দেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশকদের মধ্যে ছিলেন—তাদেরও আবার একসঙ্গে মঞ্চে দেখা যাবে।
তাদের বিশ্বজুড়ে জনপ্রিয় গান 'দাই দাই' ১১ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকেই সংগীতের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে এবং ম্যাচগুলোর নিয়মিত অনুষঙ্গ হয়ে উঠেছে।
ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রজুড়ে ৪৮টি দল অংশ নিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল। তবে আয়োজক তিন দেশের জাতীয় দলই ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালের খেলা আবার শুরু হচ্ছে। এখন টুর্নামেন্টে টিকে আছে আটটি দল।
শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার মিয়ামিতে খেলবে নরওয়ে ও ইংল্যান্ড। একই দিন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।
আটটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। গত কয়েক সপ্তাহে তিনি একাধিকবার নতুন ইতিহাসও গড়েছেন।
তার ঠিক পেছনে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। তাদের দুজনেরই গোল সাতটি করে। আর ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ছয়টি।
