ফিরছে র্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
বলিউড সুপারস্টার আমির খানের পরবর্তী প্রজেক্ট কী হবে, তা নিয়ে গত কয়েক মাস ধরেই নানা গুঞ্জন চলছিল। কেউ বলছিলেন তিনি তার ছেলে জুনায়েদের জন্য একটি ড্রামা নিয়ে কাজ করছেন, আবার কেউ দিচ্ছিলেন ভিন্ন আভাস। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে যে, আমির খান তার ২০০৯ সালের ব্লকবাস্টার ছবি 'থ্রি ইডিয়টস'-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেছেন। ভক্তদের জন্য আরও বড় খবর হলো—মূল ছবির সেই তিন 'ইডিয়ট' অর্থাৎ আমির খান, আর মাধবন এবং শরমন জোশী আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন বা প্রাক-প্রস্তুতি পর্যায়ে রয়েছে। এটি নিশ্চিত যে আমির, মাধবন এবং শরমন—মূল ত্রয়ী এই সিক্যুয়েলে ফিরছেন। মাঝখানে গুঞ্জন উঠেছিল যে ছবিতে ভিকি কৌশলকে চতুর্থ 'ইডিয়ট' হিসেবে দেখা যাবে এবং ছবির নাম হবে 'ফোর ইডিয়টস', তবে এ তথ্যের কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্র মারফত জানা গেছে, নতুন ছবির গল্পে মূল কাহিনির সাথে একটি বড় ধরনের সময়ের ব্যবধান থাকবে। এর ফলে চরিত্রগুলোকে প্রথম পর্বের সেই একই বয়সে দেখা যাবে না। তবে সিক্যুয়েলটি কি প্রথম ছবির পরের প্রেক্ষাপটে নির্মিত হবে নাকি আগের (প্রিক্যুয়েল), তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এই রহস্যের উত্তর আপাতত আমিরের কাছেই আছে। আর মূল ছবির পরিচালক রাজকুমার হিরানিই এই সিক্যুয়েল পরিচালনা করবেন বলে জানা গেছে।
আমির, মাধবন ও শরমন ছাড়াও মূল্য ছবিতে আরও অভিনয় করেছিলেন কারিনা কাপুর, বোমান ইরানি, মোনা সিং এবং ওমি বৈদ্য। চেতন ভগতের উপন্যাস 'ফাইভ পয়েন্ট সামওয়ান'-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল এই ছবিটি।
২০০৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছিল 'থ্রি ইডিয়টস'। এটিই ছিল প্রথম ভারতীয় ছবি যা ৪০০ কোটির গণ্ডি স্পর্শ করে। চীনেও ছবিটি অভাবনীয় সাফল্য পায় এবং বক্স অফিস আয়ের দৌড়ে 'অ্যাভাটার'-কেও ছাড়িয়ে গিয়েছিল। একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় 'থ্রি ইডিয়টস' নিয়মিতভাবেই নিজের জায়গা করে নিয়েছে। এবার সেই ম্যাজিক আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
