সেরা মৌলিক গানের অস্কার জিতল ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ‘গোল্ডেন’
৯৮তম একাডেমিক অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা মৌলিক গান কে-পপ ডেমন হান্টার্সের জনপ্রিয় গান 'গোল্ডেন'। প্রথমবারের মতো কোনো কে-পপ গান এ পুরস্কার অর্জন করেছে।
২৪ বছর বয়সী এজেই, ইডো এবং টেডি পার্ক প্রথম দক্ষিণ কোরীয় হিসেবে এই বিভাগে বিজয়ী হয়েছেন। পুরস্কার গ্রহণের সময় ইজে আবেগঘন বক্তব্য দেন। তবে সহলেখক মার্ক সোনেনব্লিকের বক্তব্য মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।
এটি ওই চলচ্চিত্রের সেদিনের দ্বিতীয় অস্কার। এর আগে ছবিটি সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগেও পুরস্কার জিতেছে।
সেই পুরস্কার গ্রহণ করতে গিয়ে ছবিটির সহলেখক ও সহপরিচালক ম্যাগি কাং বলেন, 'যারা আমার মতো দেখতে, তাদের কাছে আমি দুঃখিত—এমন একটি চলচ্চিত্রে আমাদের নিজেদের দেখতে এতদিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এখন তা সম্ভব হয়েছে। এর মানে হলো, আগামী প্রজন্মকে আর এই স্বীকৃতির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।'
তিনি আরও বলেন, 'এই পুরস্কার কোরিয়া এবং বিশ্বের সব কোরিয়ানদের জন্য।'
এই বিভাগে 'গোল্ডেন' গানটি সিনার্স, ট্রেন ড্রিমস, ভিভা ভার্দি! এবং ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস চলচ্চিত্রের গানকে হারিয়ে জয় পেয়েছে। শেষের ছবিটি মনোনীত থাকায় বিখ্যাত গীতিকার ডায়ান ওয়ারেনের অস্কারে দীর্ঘদিনের জয়হীনতার রেকর্ড আরও দীর্ঘ হয়েছে—কারণ ১৭তম মনোনয়ন পাওয়ার পরও তিনি এবারও পুরস্কার জিততে পারেননি।
৬৯ বছর বয়সী ওয়ারেন প্রথম অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ১৯৮৭ সালে, ম্যানিকুইন চলচ্চিত্রের 'নাথিংস গোনা স্টপ আস নাউ' গানের জন্য। এছাড়া ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা আট বছর তিনি অস্কারের মনোনয়ন পেয়েছেন।
তার লেখা অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এরোসমিথ ব্যান্ডের গাওয়া 'আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং' (আর্মাগেডন চলচ্চিত্র) এবং লেডি গাগা-র গাওয়া 'টিল ইট হ্যাপেন্স টু ইউ' (দ্য হান্টিং গ্রাউন্ড চলচ্চিত্র)।
২০২২ সালে ডায়ান ওয়ারেনকে একটি সম্মানসূচক অস্কার দেওয়া হয়।
এ বছর তিনি প্রতিযোগিতায় ছিলেন 'ডিয়ার মি' গানটির জন্য, যা গেয়েছেন কেশা। গানটি ব্যবহৃত হয়েছে তথ্যচিত্র ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস-এ।
