ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
ফের আইনি বিপাকে পড়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বুধবার প্রশান্ত মহাসাগরীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল এই গায়িকাকে আটক করে।
আদালতের নথি অনুসারে, বৃহস্পতিবার ভোরে ব্রিটনিকে ছেড়ে দেওয়া হলেও আগামী ৪ মে ভেঞ্চুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে তাকে হাজিরা দিতে হবে।
তবে ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আদালতের নথিতে স্পষ্ট কিছু উল্লেখ নেই।
ব্রিটনির এক প্রতিনিধি বিবিসি নিউজকে বলেন, 'এটি একটি দুর্ভাগ্যজনক এবং ক্ষমার অযোগ্য ঘটনা। ব্রিটনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইন মেনে চলবেন। আশা করা যায়, ব্রিটনির জীবনে যে পরিবর্তনের দীর্ঘ প্রতীক্ষা ছিল, এটি হবে তার প্রথম ধাপ।'
ওই প্রতিনিধি আরও বলেন, ব্রিটনির সন্তানরা তার সঙ্গেই থাকবে এবং নিকটাত্মীয়রা তার সার্বিক কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন।
গ্রেপ্তারের খবর জানাজানি হতেই বৃহস্পতিবার ইনস্টাগ্রাম থেকে নিজের অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলেন ব্রিটনি।
পপ সংগীতের ইতিহাসে অন্যতম সফল এই তারকার ঝুলিতে রয়েছে 'টক্সিক', 'এভরিটাইম', 'গিভ মি মোর', 'উম্যানাইজার' ও 'বেবি ওয়ান মোর টাইম'-এর মতো হিট গান।
২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটনি ঘোষণা দিয়েছিলেন, তিনি আর কখনও সংগীত জগতে ফিরবেন না। ২০২২ সালে এলটন জনের সঙ্গে গাওয়া একটি দ্বৈত গানই ছিল তার শেষ কাজ।
তবে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে (যা পরে মুছে ফেলা হয়) ব্রিটনি ইঙ্গিত দিয়েছিলেন, আমেরিকায় আর অনুষ্ঠান না করলেও ভবিষ্যতে ব্রিটেন বা অস্ট্রেলিয়ায় তিনি লাইভ কনসার্ট করতে আগ্রহী।
২০২১ সাল পর্যন্ত টানা ১৩ বছর ব্রিটনি তার বাবার কনজারভেটরশিপ, অর্থাৎ আইনি অভিভাবকত্বের অধীনে ছিলেন। সেই সময় তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আর্থিক লেনদেন—সবই নিয়ন্ত্রিত হত বাবার নির্দেশে।
২০২৩ সালে প্রকাশিত স্মৃতিকথা দ্য উম্যান ইন মি'-তে সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা সবিস্তার বর্ণনা দিয়েছেন তিনি।
২০২৫ সালের শেষদিকে তার প্রাক্তন স্বামী কেভিন ফেডারলাইনও ইউ থট ইউ নিউ নামক একটি স্মৃতিকথা প্রকাশ করেন।
