৩ মাসের মধ্যে কিশোর গ্যাং সমূলে উৎখাত হবে: চিফ হুইপ
আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে জানিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, 'আমরা কোন হেলমেট বাহিনী দেখতে চাইনা, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই।'
শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে 'কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়' শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, 'কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা অস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, দক্ষ হবে, কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।'
তিনি বলেন, 'এখন যারা সন্ত্রাস ও মব করছে বিগত শাসনামলেও তারাই এই অপকর্মের সাথে যুক্ত ছিলো। তাদেরকে আমরা ছেঁকে বের করার চেষ্টা করছি। অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে তাদের লাগাম টেনে ধরা হবে।'
চিফ হুইপ বলেন, 'মানুষের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মধ্যে দিয়ে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন ও কঠোর বার্তা দিয়েছে। অপরাধ করে কেউই পার পাবে না। আমরা নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছি। তবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।'
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
