শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ১৭টি ককটেলে ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। অন্যদিকে, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানেও ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। বর্তমানে ওই এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ১৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করে এসআরবি-২।
বোমগুলো উদ্ধারের পর তাৎক্ষণিক ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সন্ধ্যার পর সেগুলো নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'ককটেল ও পেট্রোল বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কে বা কারা সেগুলো সেখানে রেখেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।'
অন্যদিকে, এদিন সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ককটলে সদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-২।
রাত পৌনে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন এসআরবি- ২ এর স্পেশাল কোম্পানি অধিনায়ক হাসান মুহাম্মদ মুহতারিম।
তিনি বলেন, '৫-৭টির মতো ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এলে জানা যাবে এগুলো কি ধরনের বোমা।'
