নাশকতার তথ্যে জাসদ কার্যালয়ে অভিযান; আটক ২৭ জনের ফোনের ফরেনসিক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে রাজধানীর জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭ জনের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শনিবার জাসদ কার্যালয় থেকে দলটির নেতা-কর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কার্যালয়ে আলাপ-আলোচনা করতে অনুমতি লাগে না। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হয়েছে এবং নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, সেই তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ যায় এবং অনেককে আটক করে।
সালাহউদ্দিন আহমদ জানান, ২৫০ জনের মতো আটক ছিল। জিজ্ঞাসাবাদের পর ২৭ জন বাদে পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মোবাইল ফোনের ফরেনসিক এবং অন্যান্য বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। যদি নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে।
কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
