জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: ধারণা পুলিশের
রাজধানীর ইসিবি চত্বরের মধ্যরাতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা জমির বিরোধে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত নিউগিনি প্রপার্টিজ পরিদর্শন শেষে এসব কথা জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।
তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি যে, গতকাল রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এসে এখানে ভাঙচুর করেছে। এই ভাঙচুরের ঘটনায় ইমিডিয়েটলি আমাদের পুলিশের ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তারা দ্রুত এখানে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং তারা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।'
তিনি আরও বলেন, 'রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে আটক করা হয়। সব মিলিয়ে তিনজনকে আমরা এখন পর্যন্ত আটক করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের আরও টিম কাজ করছে। আমরা আশা করি এই ঘটনায় যারা জড়িত ছিল, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারব।'
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, এটি এখনো তদন্তাধীন আছে। দলবদ্ধভাবে লোকজন এসেছে। আমরা যে তিনজনকে আটক করেছি তাদের একজনের নাম মামুন, তার বাড়ি গফরগাঁও। সে ভাসানটেক বস্তিতে থাকে। একজনের নাম আসলাম, তার বাড়ি টাঙ্গাইল। সে অটো চালায়। আরেকজনের নাম মুন্না। সে ভাসানটেক বস্তিতে থাকে।
হামলার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'আমরা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে, আরও তথ্য পেলে আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে পারবো।'
আটককৃতদের কাছ থেকে কি তথ্য পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটি যেহেতু তদন্তাধীন আছে, আইনগত প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়াধীন।'
বিবাদটা কার সঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা সুস্পষ্টভাবে সেটা এখনই বলতে পারছি না।'
চাঁদার দাবিটা কি সালমান মুক্তাদিরের কাছে চাওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, কোনো চাঁদা বা কোনোকিছু নিয়ে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হয়তো হতে পারে।'
সম্প্রতি রাজধানী মিরপুর-১ এ বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে, মোহাম্মদপুরে এবং ইসিবি চত্বরে হামলা চালিয়ে দখলের চেষ্টা হয়েছে। আপনার কি মনে হচ্ছে না রাজধানীটা একটা লুটের এবং দখলের শহরে পরিণত হয়েছে?- এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, 'এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় আমাদের পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। আমরা প্রতিটি ঘটনা ঘটলেই সেটা ইমিডিয়েটলি ডিটেকশন করেছি।'
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের ইসিবি চত্বর সংগ্লগ্ন নিউ গিনি প্রপার্টিজে গুলি বর্ষণ করে হামলা চালায় বেশ কয়েকজন মানুষ। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি স্টুডিও ভাঙচুর চালানো হয়। এছাড়া সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের মারধর ও তাদের মোবাইল ও টাকা পয়সা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
