মোহাম্মদপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানস্থ 'রোজ ভিলা' সংলগ্ন ওই জমিতে থাকা কার্যালয়টিতে এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার কয়েকটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা কার্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অফিসে থাকা বিভিন্ন মালপত্র নিয়ে যায়। এই হামলায় দেড় থেকে দুই শতাধিক মানুষ অংশ নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, জমিটি জনৈক আলমের দখলে ছিল। সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০-২০০ জন লোক সেখানে গিয়ে আগের টিনের বেড়া ভেঙে ফেলে। পরে তারা জমিতে থাকা একটি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে।
জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে জানিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, 'শনিবার সকালে বেড়িবাঁধ এলাকায় একটি প্লট দখলের চেষ্টার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমরা বলেছি আদালতে যেতে। আদালত যার পক্ষে রায় দেবেন, তিনিই জমির কাছে যেতে পারবেন।'
