ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
ফেসবুক-টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠা যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। আজ শনিবার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে রাজীব আহমেদ (২১) কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে ফেসবুক ও টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরেই শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় যায় ওই কিশোরী। রাত ৯টার দিকে রাজীব ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান। রাত গভীর হওয়ার পর তাকে ধর্ষণ করেন রাজীব। একপর্যায়ে ওই কিশোরী চিৎকার শুরু করলে রাজীব পালিয়ে যান।
সুরেজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ২টার পর ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীটি ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। তার বাবা-মা নেই। তার বাড়ি নরসিংদী এলাকায় বলে জানা গেছে।
অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
