Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
26 September, 2026, 02:35 pm
Last modified: 26 September, 2026, 02:37 pm

Related News

  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  

রেডিওথেরাপি মেশিনের তীব্র সংকট, চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষায় ক্যান্সার রোগীরা; ভোগান্তি

তীব্র মেশিন সংকটের কারণে হাজারো ক্যান্সার রোগীকে রেডিওথেরাপির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। বেসরকারি হাসপাতালের তুলনায় চিকিৎসার খরচ অনেক কম হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে সমস্যা বেশি।
তাওছিয়া তাজমিম
26 September, 2026, 02:35 pm
Last modified: 26 September, 2026, 02:37 pm

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ১৪৯ নম্বর কক্ষের বাইরে বসে ছিল ছয় বছরের শিশু আবু সুফিয়ান। ন্যাড়া মাথা নিচু করে মোবাইল ফোনে কার্টুন দেখছিল সে।

ফরিদপুরের আলফাডাঙা থেকে আসা এই শিশুর জন্য ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লড়াইয়ের মাঝে স্ক্রিনের এই আনন্দদায়ক ছবিগুলো ক্ষণিকের স্বস্তি। এরইমধ্যে সে হাড়ের ক্যান্সারের কারণে সাতবার কেমোথেরাপি ও অস্ত্রোপচারের ধকল সামলেছে। রেডিওথেরাপির জন্য দুই মাস অপেক্ষা করার পর তার ৩০টি সেশনের মধ্যে ৫টি সেশন শেষ হয়েছে।

তীব্র মেশিন সংকটের কারণে সুফিয়ানের মতো এরকম হাজারো ক্যান্সার রোগীকে রেডিওথেরাপির জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। বেসরকারি হাসপাতালের তুলনায় চিকিৎসার খরচ অনেক কম হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে ভাঙা পায়ের চিকিৎসা করতে গিয়ে এমআরআই স্ক্যান করা হলে সুফিয়ানের হাঁটুর হাড়ে টিউমার ধরা পড়ে, পরে শণাক্ত হয় হাড়ের ক্যান্সার। সাত দফা কেমোথেরাপির পর সার্জারি করে টিউমার অপসারণ করা হয়। কিন্তু এরপর রেডিওথেরাপির সিরিয়াল পাওয়ার জন্য শুরু হয় নতুন লড়াই।

সুফিয়ানের বাবা আবু তাহের আক্ষেপ করে টিবিএসকে বলেন, 'আরও দুই মাস আগে যদি রেডিওথেরাপিটা পেতাম, তাহলে আরও ভালো হতো। কিন্তু এখানে তো অনেক ভিড়।'

তিনি জানান, প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ১১ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন। 

'সরকারি হাসপাতালে খরচ অনেক কম। মেশিন আরও বেশি থাকলে আমাদের মতো সাধারণ রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হতো।'

সুফিয়ানের মতো আরও হাজারো রোগী সরকারি হাসপাতালগুলোতে মেশিনের তীব্র সংকটের কারণে রেডিওথেরাপি পেতে হিমশিম খাচ্ছে।

ক্যান্সার ইনস্টিটিউটে সকাল ৮টা থেকেই লিনাক-২ কক্ষের বাইরে ভিড় করতে শুরু করে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন নতুন ২০০ থেকে ৩০০ রোগী রেডিওথেরাপির জন্য এখানে আসে। বর্তমানে সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার রোগী রেডিওথেরাপির অপেক্ষায় আছে। তাদের অনেকেরই থেরাপি পেতে এক-দেড় বছরের বেশি সময় লাগতে পারে। 

জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত সুনামগঞ্জের গুলজান বেগম এই অপেক্ষার তালিকায় থাকা রোগীদেরই একজন। ২১ সেপ্টেম্বর রেডিওথেরাপির সিরিয়ালের জন্য কাগজপত্র জমা দিলেও তাকে চিকিৎসা শুরুর সেই তারিখ দেওয়া হয়নি। ছয় সপ্তাহ পরে এসে যোগাযোগ করতে বলা হয়েছে তাকে, তখন তারিখ জানানো হবে। 

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির হিসাব অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ থেকে ১৫ লাখ মানুষ ক্যান্সার নিয়ে বেঁচে আছে। প্রতি বছর নতুন করে প্রায় ২ লাখ মানুষের ক্যান্সার শনাক্ত হয়। আর এই রোগে বছরে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়।

চাহিদা মেটাতে পারছে না মাত্র দুটি মেশিন

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোস্তফা আজিজ সুমন টিবিএসকে জানান, বর্তমানে হাসপাতালে কার্যকর রয়েছে মাত্র দুটি রেডিওথেরাপি মেশিন, যা রোগীর চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। 

হাসপাতালে আরও তিনটি বাঙ্কার আছে, যেখানে আগে মেশিন বসানো ছিল; কিন্তু সেগুলোর সবই এখন বিকল।

তিনি বলেন, 'যদি সাত থেকে দশটি মেশিন চালু থাকত, তাহলে এখন যে রোগীদের এক থেকে দেড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, সেটা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যেত।' 

প্রতিদিন ২০০-র বেশি নতুন রোগী আসে; কিন্তু যাদের আগে থেকে তারিখ দেওয়া আছে, তাদেরই আগে চিকিৎসা দিতে হয়।

সুমন বলেন, 'আজ যাদের রেডিওথেরাপির সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা, তাদের আমরা কোনো তারিখই দিচ্ছি না। বলছি, ছয় সপ্তাহ পরে এসে যোগাযোগ করুন। কারণ দেওয়ার মতো কোনো স্লট আমাদের নেই।' 

তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চালিয়েও দুটি মেশিনে সর্বোচ্চ ২৫০ রোগীর চিকিৎসা দেওয়া যায়। কিন্তু এই ২৫০ রোগী ছয় সপ্তাহ ধরে চিকিৎসা নেন। কোর্স শেষ হওয়ার পরই নতুন রোগী ঢোকানো সম্ভব। 

তিনি আরও জানান, দেশে এখন যত ক্যান্সার রোগী আছে, সেই হিসাবে প্রায় ৩০০ রেডিওথেরাপি মেশিন প্রয়োজন। অথচ সরকারি হাসপাতালগুলোতে মেশিন আছে মাত্র পাঁচটি, আর বেসরকারি হাসপাতালগুলোতে আছে প্রায় ৩০টি। 

ঢাকা মেডিকেল ও বিএমইউ-তে একই সংকট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক আলীয়া শাহনাজ বলেন, হাসপাতালে তিনটি বাঙ্কার থাকলেও মেশিন রয়েছে মাত্র একটি। ওই একটি মেশিন দিয়ে সব সব ধরনের রেডিওথেরাপি দেওয়া যায় না। 

একই চিত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (বিএমইউ)। বিএমইউতে প্রতিদিন নতুন রোগী আসে ২০০ থেকে ৩০০ জন। কিন্তু একটিমাত্র রেডিওথেরাপি মেশিনে দৈনিক মাত্র ৭০ জন রোগীকে চিকিৎসা দেওয়া যাচ্ছে। ফলে হাসপাতালটিতে চিকিৎসার জন্য রোগীদের প্রায় ছয় মাসের অপেক্ষমান তালিকায় থাকতে হচ্ছে।

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন টিবিএসকে বলেন, তাদের তিনটি রেডিওথেরাপি বাঙ্কারের মধ্যে দুটিই খালি পড়ে আছে।

এদিকে রোগীদের যদি তিন-চার মাস রেডিওথেরাপির জন্য অপেক্ষা করতে হয়, তাহলে অনেক ক্ষেত্রে ক্যান্সারের মাত্রা আরও জটিল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দুটি নতুন লিনিয়ার এক্সিলারেটর (লিনাক) কেনার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রথমটি কেনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে; এরপর দ্বিতীয়টি কেনা হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি হাসপাতালের জন্য নতুন দুটি মেশিনের পরিকল্পনা 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান টিবিএসকে বলেন, ক্যান্সার ইনস্টিটিউটের জন্য একটি নতুন লিনিয়ার অ্যাক্সিলারেটর (লিনাক) কেনা সম্পন্ন হয়েছে এবং বাঙ্কারে স্থাপনের কাজ চলছে। 

'মেশিনটি কেনা হয়ে গেছে। সব প্রক্রিয়া শেষ। আশা করছি আগামী জানুয়ারির মধ্যে এটি কার্যক্রম শুরু করবে,' বলেন তিনি। 

জাহিদ রায়হান আরও জানান, আরও একটি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার প্রক্রিয়া চলছে। সেটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ক্যান্সার সেবার জন্য বরাদ্দ দেওয়া হবে। 

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিন দিয়ে সব ধরনের রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয় না। সেখানে আরেকটি মেশিন প্রয়োজন। বিষয়টি বিবেচনাধীন রয়েছে। 

জাহিদ রায়হান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, ফরিদপুর ও খুলনাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বাক্সবন্দী অবস্থায় পড়ে থেকে লিনাক মেশিন নষ্ট হয়ে গেছে। 

'সরকারি যন্ত্রপাতি কেনাকাটায় নৈতিকতার অভাব বড় সমস্যা। আমরা চেষ্টা করছি এসব সমস্যা সমাধানের,' বলেন তিনি। 

তিনি আরো বলেন, অতীতে সরকারি খাতে ক্যান্সার চিকিৎসার সক্ষমতা যথাযথভাবে গড়ে না ওঠায় রোগীদের বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসার ওপর নির্ভরশীল হতে হয়েছে।

সরকারি ও বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপির খরচের পার্থক্য বিশাল। ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসার একটি সম্পূর্ণ কোর্সে খরচ হয় ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা; অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে এই খরচ প্রায় ২ লাখ টাকা।

Related Topics

টপ নিউজ

রেডিওথেরাপি / ক্যান্সার / ক্যানসার / ক্যানসার চিকিৎসা / ক্যান্সার চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net