২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
রাজউক থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। সেইসঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, 'রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে।'
নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করা হবে। প্রয়োজন অনুযায়ী নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা আরও বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ফতুল্লাসহ আশপাশের এলাকা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আমাদের বিবেচনায় রয়েছে।'
তিনি আরও বলেন, 'নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য হলো নারায়ণগঞ্জবাসীকে আরও ভালো সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।'
রাজউকের দুর্নীতি ও সেবায় হয়রানির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'রাজউকের আওতাধীন এলাকা বড় হওয়ায় প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। এ কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যাতে মানুষের কাছে সেবা আরও সহজে পৌঁছানো যায়।'
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নবগঠিত এনডিএ- এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ অ্যাড. আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
