বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের মধ্যে উন্মুক্ত আকাশ নীতি চালুর পাশাপাশি বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি সংশোধনের বিষয়ে আলোচনা করেন তারা।
আজ বুধবার সচিবালয়ে বিমানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আকাশসীমা ব্যবহারের জন্য নেওয়া চার্জ বা ফি মওকুফের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে ত্রিবেদী বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে দেশটির সঙ্গে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে প্রয়োজন অনুযায়ী ভারতকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
