পদদলিত করতে ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ডাকসু ভবনের প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ এবং গোলাম আজমের ছবি লাগিয়ে পদদলিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, 'তারা (ডাকসু) হাদী ব্যবসা, জুলাই ব্যবসা করে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদকের ইশতেহারে ছিল মুক্তিযুদ্ধকে তুলে ধরা, তিনিই একজন পাকিস্তানপন্থীকে ডাকসু সংগ্রহশালায় দেয়ালের মধ্যে সম্মানের সহিত তার ছবি লাগিয়েছে।'
তিনি আরও বলেন, 'গোলাম আযম এবং জিন্নাহর ছবি, পাকিস্তানপন্থীদের ছবি পায়ের নিচে লাগিয়েছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থীদের রাজনীতি সামনে আনানো যাবে না। বিগত দিনে শেখ মুজিবের ছবি দিয়ে রাজনীতি পরিচালনা করত, আর তারা শেখ মুজিবের ছবির রিপ্লেসমেন্ট হিসেবে জিন্নাহ এবং গোলাম আযমের ছবি আনতে চেয়েছে।'
ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজেস বিভাগের শিক্ষার্থী আশ শামস বলেন, 'জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে ইনকিলাব মঞ্চ থেকে জিন্নার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, সেখানে ঝুমা (ডাকসুর মুক্তিযোদ্ধা সম্পাদক) অতি উৎসাহের সাথে পোস্টার শেয়ার দেয়। পরবর্তীতে জিন্নাহর ছবি যখন ডাকসু সংগ্রহশালা থেকে মুছে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়, তখন আবার তিনি ফেসবুকে পোস্ট করেন ডাকসু সংগ্রহশালায় নাকি ছবি তুলে নেয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'তাদের কতটা আক্ষেপ হতে পারে জিন্নার ছবি সরায়ে নেয়া নিয়ে! আমাদের দাবি থাকবে, তারা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা যেন বাংলাদেশের পক্ষে থাকে, বাংলাদেশপন্থীদের পক্ষে থাকে।'
