ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ৩ বাম ছাত্রসংগঠনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ইতিহাস বিকৃতির প্রতিবাদ, মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন বাম ছাত্রসংগঠন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ডাকসু ভবনের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এই সমাবেশ করে।
সমাবেশ শেষে ডাকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনগুলোর নেতারা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, 'শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। ইতিহাসে তার যে অবদান, প্রত্যেকের প্রত্যেকের সেই অবদানটুকু যোগ্য মর্যাদায় পাবে, সেটিই আমরা প্রত্যাশা করি।'
তিনি অভিযোগ করেন, এই সংগ্রহশালায় মইন হোসেন রাজু শহীদ হওয়ার সময় তার ব্যবহৃত ব্যাগ, রংতুলি এবং ডায়েরি ছিল, সেই ডায়েরিতে তার প্রত্যেকদিনকার বিভিন্ন ঘটনাবলী তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন, কবিতা লিখতেন, সে সব বিষয় আজকে আমরা এখানে খুঁজে পেলাম না।'
তিনি বলেন, 'আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট বলতে চাই, পূর্বে এই সংগ্রহশালায় যত ধরনের উপকরণ ছিল, যে সকল স্থিরচিত্র ছিল, যে সকল ব্যবহার্য ঐতিহাসিক জিনিসপত্র ছিল, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ তালিকা প্রকাশ করতে হবে এবং পূর্বের সংরক্ষিত তালিকা থেকে কোন বিষয়গুলো এখানে যুক্ত হয়েছে এবং কোন বিষয়গুলো এখান থেকে অপসারণ করা হয়েছে, তার তালিকা স্পষ্ট করতে হবে।'
