চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলক্রসিং এলাকায় এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় ১০ বছর বয়সী ওই শিশু রাহাতের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ষোলশহর স্টেশনের চশমা মসজিদসংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দেলোয়ারের মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাসা চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায়। তার গ্রামের বাড়ি ফেনীতে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পাশের সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। সড়কের পরিবর্তে অনেকেই রেললাইন ঘেঁষে চলাচল করেন।
শুক্রবার রাহাত রেললাইনের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। শিশুটিকে বিপদ থেকে সরিয়ে আনতে এগিয়ে যান দেলোয়ার। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় রাহাতের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার বাসিন্দা মো. ফারুকের ছেলে।
ষোলশহর স্টেশনের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অসীম ধর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গুরুতর আহত রাহাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।'
