চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: ৬৩ বিদেশি ও এক বাংলাদেশির ৭ দিনের রিমান্ড আবেদন
চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় 'অনলাইন স্ক্যামিংয়ের' অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ও তাদের সহযোগী হিসেবে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিকের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) ভারপ্রাপ্ত মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
তিনি বলেন, '৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় রোববার আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় এসব আবেদনের ওপর শুনানি হবে।'
এদিকে, গত ৫ সেপ্টেম্বর নগরীর একটি কুরিয়ার থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ মহসিনকেও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে করা মামলায় 'শোন অ্যারেস্ট' দেখানোর আবেদন করেছে পুলিশ। একইসঙ্গে ওই মামলায় তার ৭ দিনের রিমান্ডও চাওয়া হয়েছে।
ডিসি-প্রসিকিউশন মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, 'একই দিনে বিদেশি নাগরিকদের রিমান্ড আবেদন এবং মহসিনকে ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো ও রিমান্ড আবেদনের শুনানি হবে।
এর আগে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম টিবিএসকে বলেন, '৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পৃক্ততা রয়েছে। তাদের থাকার জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন।'
ওসি বলেন, 'কয়েকদিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠান। পরে কোকেনের চালানটি ফেরত আসে। ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে জানতে পারে।'
