মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গেণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেণ্ডারিয়ার করাতিটোলা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—আয়েশা আক্তার (২০), চায়ের দোকানদার আলমগীর (৩৩) এবং সিয়াম (১৮)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আয়েশার ডান পায়ে গুলির আঘাত রয়েছে।
পুলিশ বলছে, স্থানীয় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মনির হোসেন ও তাঁর ভাগ্নে রাসেল মিলে অপর এক মাদক ব্যবসায়ী রাসেলের ওপর হামলা চালান। এই রাসেল হলেন বর্তমানে কারাবন্দি কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী 'অটো সজল'-এর আপন চাচা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার সময় মনির হোসেন প্রথমে করাতিটোলা এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে একটি অবৈধ পিস্তল দিয়ে পুরো এলাকায় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। হামলার পর মনির ও তাঁর ভাগ্নে রাসেল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তবে আহতদের নামের তালিকায় পুলিশ প্রতিবেদন ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যে কিছুটা অমিল পাওয়া গেছে। গেণ্ডারিয়া থানা পুলিশের প্রতিবেদনে আহতদের নাম আয়েশা, রুবেল ও রাসেল হিসেবে উল্লেখ করা হলেও, ঢামেক হাসপাতাল পুলিশ আহতদের আয়েশা, আলমগীর ও সিয়াম বলে সনাক্ত করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গেণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
