জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। বিপুল জনসমাগমের ফলে মাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে যায়। বিষয়টি নজরে আসার পর ছাত্রদলের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এসব আবর্জনা পরিষ্কারে এগিয়ে আসেন। তারা মাজার প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, 'আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা যেন আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। তার সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজ আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা সামান্য সচেতন হলেই আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর আমাদের চারপাশ যখন পরিচ্ছন্ন হবে, ঠিক একইভাবে আমাদের দেশটাও একদিন পরিষ্কার হয়ে যাবে।'
এ সময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা জানান, কেবল বিশেষ কোনো দিবস বা কর্মসূচিকে কেন্দ্র করে নয়, বরং নিয়মিতভাবে নিজ নিজ চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
