অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন আবাসন প্রকল্পের পরিকল্পনা সরকারের
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে নতুন একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। নতুন প্রকল্পটি প্রণয়ন করা হলে এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য নতুন করে আবাসন বরাদ্দ দেওয়া হবে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় যুগোপযোগী করে 'অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ' নামে একটি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি প্রণীত হলে এর আওতায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, 'বর্তমানে 'অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত)' প্রকল্পের আওতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৬৯টি এবং খোকসা উপজেলায় ৩২টি আবাসন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। দুই উপজেলায় মোট ১০১টি আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে।'
কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দুটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। 'উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ' প্রকল্পের আওতায় দুটি উপজেলায় একটি করে কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের চিকিৎসাসেবার জন্যও দুই উপজেলায় নিয়মিত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, 'হাট ও বাজার ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা, ২০২৫' এবং সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী কুমারখালী ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য সরকারি হাসপাতালের মতো নিয়মিত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হয়।'
ব্যয় করা অর্থের হিসাব বিবরণীসহ নতুন করে চাহিদাপত্র পাঠানো হলে পরবর্তী সময়ে আবারও অর্থ বরাদ্দ দেওয়া হয় বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
