এনআইডির বয়স সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ: ইসির পরিপত্র
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়েই নিষ্পত্তির সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় আবেদনগুলোকে 'ক' ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠ পর্যায়েই নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক বা পরিচালকেরা এখন থেকে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন। তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণ বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে কেস ম্যানেজমেন্ট সিস্টেমে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আবশ্যিকভাবে নোট দিতে হবে।
পরিপত্রে তদারকির বিষয়ে বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কাজ মনিটর করবেন। এ ক্ষেত্রে প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করতে হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখসহ নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি করতে হবে। এছাড়া জন্মতারিখ, নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।
পরিপত্রে এই সকল নির্দেশনা অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
