রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
রাজধানীর বিজয় সরণিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হোসাইন বেসরকারি গ্লোবাল টেলিভিশনে মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত।
গত মঙ্গলবার (৪ আগস্ট) বিজয় সরণি সিগনালে তিনি মারধরের শিকার হন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভুক্তভোগী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে এই সংবাদিক বলেন, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় বিজয় সরণি সিগন্যালে আমি পুলিশ সদস্যদের চরম বর্বরতা ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। ঘটনার সময় আমি বিজয় সরণি সিগন্যালে অবস্থান করছিলাম। সেখানে দেখতে পাই, বাকবিতণ্ডার জেরে এক নারীকে পুলিশ সদস্যরা মারধর করছেন। একজন গণমাধ্যমকর্মী হিসেবে পেশাগত দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের স্বার্থে আমি ওই ঘটনার ভিডিও ধারণ করি।
তিনি আরো বলেন, ভিডিও করতে দেখে হঠাৎ ২০-২৫ জন পুলিশ সদস্য আমার ওপর চড়াও হন এবং আমাকে জোরপূর্বক পুলিশ ভ্যানে তুলে নেন। এর পর তারা আমাকে বারবার জেরা করতে থাকেন- কেন আমি ভিডিও করেছি এবং ভিডিওটি ডিলিট করার জন্য চাপ দেন। আমি আমার পেশাগত পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে, তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারধর করেন। পরে আশপাশের লোকেরা এসে আমাকে উদ্ধার করেন।
এ ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও অভিযোগে জানানো হয়।
যোগাযোগ করলে নির্যাতনের শিকার বুলবুল হোসাইন টিবিএসকে বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে শুধু ঘটনার ভিডিও ধারণ করেছিলাম। আমি চেয়েছিলাম, ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারী ও পুলিশ সদস্যদের বক্তব্য নিতে। কিন্তু আমাকেই উল্টো ভুক্তভোগী হতে হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি বা এ ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একাধিক কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।
