দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
দরপত্র ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবের ভিত্তিতে সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য ২০০টি ইলেকট্রিক বাস কেনা হবে। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে।
একই সঙ্গে বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজও সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
