নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের আলোচনা প্রসঙ্গে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, 'নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না। কোন কন্ট্রাক্টর কোথায় কী বললো তাতে কোনো যায় আসে না। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।'
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই শহীদদের সংবর্ধনা এবং জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মিজানুর রহমান মিনু বলেন, 'রাজশাহী আমাদের কাছে প্রথম। এমপি, মন্ত্রিত্ব, মেয়র আমার কাছে বড় বিষয় না। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনারা হাসিমুখে আমাকে মাটির নিচে দিয়ে আসবেন—এটাই আমার চাওয়া, এটাই আমার আকাঙ্ক্ষা। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই এলাকার জন্যই আমার অনেক দায়িত্ব।'
তিনি আরও বলেন, 'আওয়ামী ফ্যাসিস্ট আমলের কিছু কর্মকর্তা ষড়যন্ত্র তৈরি করে এসব বিষয় উপস্থাপন করছেন।' রাজশাহীর স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ। এছাড়া জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
