রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার মাত্র ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি ঘণ্টায় অন্তত দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে। এরইমধ্যে প্লাবিত হয়েছে পদ্মাতীরের নিম্নাঞ্চল। উজানের ঢলে গত দশ দিন ধরে পদ্মায় পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর তিনটায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১২ মিটার। বারোটায় ছিল ১৭ দশমিক ০৫ মিটার। অর্থাৎ তিন ঘণ্টায় বেড়েছে সাত সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার।
স্থানীয় প্রশাসন জানায়, রাজশাহী শহরের পাশে পদ্মার ওপারে ভারত সীমান্ত-ঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশির ভাগ অংশ তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। তাদের বিশুদ্ধ পানি ও খাবারসংকট তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রায় একশো পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, 'পানি বাড়লেও শহর রক্ষা বাঁধ নিয়ে ঝুঁকি নেই। তবে সতর্ক অবস্থানে আছে বোর্ড।' ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসন জানায়, পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।
