আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু
রেললাইনের পাত ভেঙে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকাল সোয়া ৬টার দিকে রাজশাহীর আড়ানী রেলস্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে গেলে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে রাজশাহী স্টেশনে তিনটি আন্তঃনগর ও অন্যান্য স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, 'আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ ছয়টা ট্রেন আটকা পড়ে। রেললাইন মেরামত করার পর সেসব ট্রেন আড়াই থেকে তিন ঘণ্টা বিলম্বে ছাড়ে।'
এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, 'রেললাইনে পাত কখন, কীভাবে ভাঙল, তা খুঁজে দেখা হচ্ছে।'
