রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
রাজশাহীর মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা এবং কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জান্নাতুন (৫৫)। তিনি উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, 'মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে।'
তিনি আরও বলেন, 'নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'
