রাজশাহীতে স্প্রিং খুলে ট্রেন লাইনচ্যুত
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশন থেকে সামান্য দূরে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নিরাপদে নেমে যান। ট্রেনটি পাবনা থেকে রাজশাহীর অভিমুখে যাচ্ছিল।
পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনা থেকে রাজশাহীর মধ্যে যাতায়াত করে।
তিনি বলেন, ট্রেনটি রাজশাহীর আগের স্টেশন হরিয়ান অতিক্রম করার পরই দুর্ঘটনা কবলে পড়ে। এ সময় ইঞ্জিন লাগায়ো কোচের একটি স্প্রিং খুলে পড়ে দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে যায়।
ফরিদ হোসেন তিনি জানান, পাকশী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি আসার পর দুর্ঘটনার কবলে পতিত ট্রেনটিকে উদ্ধার করা হবে।
এদিকে দুর্ঘটনার পরেই লাইন সংস্কার এবং বগি মেরামতের কাজ শুরু করেছেন রেলের কর্মীরা।
এর আগে সকাল সোয়া ৬টার দিকে রাজশাহীর আড়ানী এলাকায় রেললাইনের পাত ভেঙে পড়ায় রাজশাহী থেকে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।
