ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭
ডেঙ্গুতে এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৭ জন ডেঙ্গু রোগী।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই তিনজনের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৩ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৩৫ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৩ জন।
