ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৮২ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১,৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন এবং খুলনা বিভাগের ৩ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১,৭৫৭ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এনিয়ে চলতি বছরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৩,৮৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এপর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৪৯ জনে।
