সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, বিএনপি দায়ী নয় দাবি জেলা সভাপতির
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা বিএনপির সমর্থক বলে অভিযোগ করেছেন সারজিস আলম।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতনিবিনিময় করতে আজ দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপি নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে বেলা আড়াইটার দিকে পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় একদল যুবক সারজিস আলমদের গাড়ি ঘিরে 'ভুয়া ভুয়া', 'এনসিপি ভুয়া' ইত্যাদি স্লোগান দেন। এসময় এনসিপির গাড়িবহরের দেকে তেড়ে যায় কয়েকজন। এছাড়া হামলাকারীরা সারজিস আলমের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে এনসিপির গাড়িবহর নিরাপদে চলে যেতে সহযোগিতা করে।
তবে এতে কেউ হতাহত হননি জানিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, 'এনসিপি নেতারা নিরাপদে গোলাপগঞ্জ ছেড়েছেন।'
এদিকে, এ ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, 'সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। তারা গাড়ি ভাঙচুর করেছে।'
তবে জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দাবি করেছেন, 'এ হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।'
তিনি বলেন, 'এনসিপি নেতারা সিলেটে যদি বিএনপির কোনো নেতাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যও দেন, তাতেও উত্তেজিত না হওয়ার নির্দেশ আমি দলীয় নেতা-কর্মীদের আগেই দিয়েছি।'
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কাজ করবে।'
এনসিপির কোনো কর্মসূচিতে সিলেটের বিএনপি বাধা হয়ে দাঁড়াবে না, এ বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'এনসিপির সব কর্মসূচি সফল করতে বিএনপি সহযোগিতা করবে।'
