বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
বিরূপ আবহাওয়ার মধ্যেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণে বড় ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। সব পরীক্ষার্থীই সমান গুরুত্বপূর্ণ।
কমিটি জানিয়েছে, অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র চালু রাখার উপযোগী রয়েছে বলে স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ জুলাই সকালে বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মনে করে, পরীক্ষা বারবার স্থগিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমসহ শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করাও বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
