দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, এ নিয়ে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া এবং সন্দেহভাজন হামজনিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, নতুন ৩ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে। অন্যদিকে, ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০১ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। একই সময়ে নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাবরেটরিতে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর ফলে দেশে ল্যাব-নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা এখন ১৩ হাজার ৩২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৯২ হাজার ৮৩১ জন সন্দেহভাজন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ২৩৪ জন।
