চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া প্রতি বছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান (এক ধরনের ফল) রপ্তানি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেছেন, একইভাবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তার সম্পূরক প্রশ্নে জানতে চান, ফুলবাড়িয়া এলাকায় প্রচুর পরিমাণে লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদিত হয়। এসব কৃষিপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, কয়েক বছর আগে ওই এলাকায় একটি আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হলেও প্রয়োজনীয় সহায়তার অভাবে সেটি বন্ধ হয়ে যায়। বর্তমানে সরকার বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা এবং কৃষিভিত্তিক মিল-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, আপাতত ফুলবাড়িয়ায় আলাদা কোনো শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের নেই। তবে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো কীভাবে আবার চালু করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি তার চীন সফরের সময় দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, চীনের মানুষের কাছে বাংলাদেশের কাঁঠালের ভালো চাহিদা রয়েছে এবং শিগগিরই দেশটিতে কাঁঠাল রপ্তানি শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
তারেক রহমান বলেন, চীন সফরের আগে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে জানান, দেশটি প্রতি বছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান রপ্তানি করে।
এ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, মালয়েশিয়া যদি ডুরিয়ান রপ্তানি করে এত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
