ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য ও ড্রেনেজ সমস্যার সমাধান
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ–সংক্রান্ত নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 'ক্লিন কেয়ার' নামে একটি ডিজিটাল অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (৭ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি জানায়, নতুন এই অ্যাপের মাধ্যমে নগরবাসী বর্জ্য অপসারণ, ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা–সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগের অগ্রগতিও পর্যবেক্ষণ করা যাবে। এতে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংস্থাটির দাবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, 'ক্লিন কেয়ার' অ্যাপের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। নাগরিকরা ঘরে বসেই পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ–সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং তা নিষ্পত্তির অগ্রগতিও তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
তিনি বলেন, অ্যাপে পাওয়া অভিযোগ ও তথ্য বিশ্লেষণ করে কোন এলাকায় কী ধরনের বর্জ্য সমস্যা বেশি, কোথায় জনবল বা গাড়ি বাড়ানো প্রয়োজন এবং কোথায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া দরকার—এসব বিষয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসক আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদের সচেতন অংশগ্রহণ ও গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগ গ্রহণের বার্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য পাওয়া যাবে। ফলে অভিযোগ নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি জানান, অ্যাপটির কার্যকারিতা মূল্যায়নের পর এতে ড্রেনেজ, ভাঙাচোরা ও কাটা রাস্তা–সংক্রান্ত অভিযোগ গ্রহণের সুবিধাও যুক্ত করা হবে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ বিশ্লেষণ করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নেও এসব তথ্য ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও পরিদর্শক, সংস্থার সচিব, সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
