নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) বিকেলে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। জেলা পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শাহিনারা বেগম (৫২) ও এজাহারনামীয় আসামি রমজান আলী (২২)। এর আগে ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের ওপর কয়েকজন লোক একটি কুকুরের গলায় রশি দিয়ে ভারী ইট বেঁধে সেটিকে নিচে নদীতে ফেলে দিচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পশুপ্রেমীসহ বিভিন্ন মহল থেকে অপরাধীদের শাস্তির দাবি জানানো হয়।
বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসার পরপরই পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী নরসিংদী সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিডিওতে থাকা মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ভিডিওতে দেখা যাওয়া নারী শাহিনারা বেগম ও অভিযুক্ত রমজান আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, এই অমানবিক ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
