বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, সরবরাহ থাকায় সবজির দাম তুলনামূলক কম
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর নিত্যপণ্যের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। বেশিরভাগ পণ্যের দাম পূর্বের অবস্থানেই রয়েছে। বিশেষ করে মৌসুমি সবজির সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম তুলনামূলক কম রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (১২ জুন) রাজধানীর হাতিরপুল বাজার ও পলাশী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা, আলু ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়া মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা এবং ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে পুঁইশাক প্রতি আঁটি ৩০ টাকা এবং লালশাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি হতে দেখা গেছে।
হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আলম বলেন, "বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ক্রেতারাও তুলনামূলক কম দামে সবজি কিনতে পারছেন। বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সরবরাহ স্বাভাবিক থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে।"
পলাশি বাজারের সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, "ঈদের পর থেকে সবজির বাজার মোটামুটি স্থিতিশীল আছে। পটল, ঢেঁড়স, পেঁপে, ধুন্দলসহ বেশিরভাগ সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। ক্রেতারাও আগের তুলনায় কিছুটা স্বস্তিতে কেনাকাটা করছেন।"
মাছের বাজারে গিয়ে দেখা যায়, ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা, বাগদা চিংড়ি ৯০০ টাকা, পাবদা ৫০০ টাকা, পুটি ১ হাজার টাকা, তেলাপিয়া ৩০০ টাকা এবং রুই মাছ ৪০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৮০ টাকা এবং লেয়ার মুরগি ৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
মায়ের দোয়া পোল্ট্রি হাউজের পরিচালক মোবারক হোসেন বলেন, মুরগির দাম ঈের আগে বেশি ছিলো। তবে ঈদের পর ধীরে ধীরে কমে আসছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম এখন ২০০ টাকার নিচে আছে।
বিক্রেতারা স্বস্তির কথা বললেও এদিকে সবজির দাম নিয়ে চিন্তিত ক্রেতারা। পলাশী বাজারে কেনাকাটা করতে আসা একটি টাইলসের দোকানের কর্মচারী আব্দুল আউয়াল বলেন, "জিনিসপত্রের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে সবজির দাম কিছুটা কমলেও এখন অধিকাংশ সবজি ৬০-৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। ধনেপাতার কেজি হয়ে গেছে ৩০০ টাকা। একটার দম কমলে আরেকটার দাম বেড়ে যায়।"
বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত নতুন বাজেটে কিছু পণ্যে শুল্ক ও কর কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব থাকলেও এর প্রভাব এখনো খুচরা বাজারে পড়েনি। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের ব্যয় কমছে না।
উল্লেখ্য, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ মোট ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে করের হার কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।
সব মিলিয়ে বাজেট ঘোষণার পর রাজধানীর নিত্যপণ্যের বাজারে উল্লেখযোগ্য কোনো মূল্য পরিবর্তন দেখা যায়নি। বাজারে আপাতত স্থিতিশীলতা থাকলেও ক্রেতাদের স্বস্তি এখনো পুরোপুরি ফেরেনি।
