হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬০
দেশে গত ২৪ ঘণ্টায় (২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত) হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই নতুন রোগীদের মধ্যে ৬২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সদৃশ উপসর্গ নিয়ে আরও ৪৭২ জন শিশু প্রাণ হারিয়েছে।
ডিজিএইচএসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত সময়কালে সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৮ হাজার ৮৩৪ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯০৩ জন। বর্তমানে আক্রান্ত অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
