এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ
২০০৫ সালে 'সোচা না থা' ছবির হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করেন ইমতিয়াজ আলি। এর পর 'জব উই মেট' (২০০৭), 'লাভ আজকাল' (২০০৯), 'রকস্টার' (২০১১) ও 'হাইওয়ে'-র (২০১৪) মতো সফল ও নন্দিত ছবি উপহার দিয়ে খ্যাতি অর্জন করেন তিনি।
সেই সময় পর্যন্ত একই অভিনেতাকে নিয়ে দ্বিতীয়বার কাজ করার পথে হাঁটেননি ইমতিয়াজ, যদিও তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই সাফল্যের মুখ দেখেছিলেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই নির্মাতা জানান, সেই সময় একই অভিনেতাকে নিজের পরবর্তী ছবিতে কাস্ট করার ঘোর বিরোধী ছিলেন তিনি।
ইমতিয়াজ বলেন, 'প্রথমদিকে ভাবতাম, একই অভিনেতার সঙ্গে আমার আর কখনও কাজ করা উচিত নয়। মনে হতো, তাতে হয়তো আগের ছবির হ্যাংওভার থেকে যাবে।'
তবে 'তামাশা' লেখার সময় তার এই ধারণা সম্পূর্ণ বদলে যায়। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে তিনি রণবীর কাপুর ও দীপিকা পাড়ূকোনকে নিয়ে কাজ করেন। তাদের দুজনের সঙ্গেই আগে কাজ করার অভিজ্ঞতা ছিল তার।
ইমতিয়াজ বলেন, তিনি যে হ্যাংওভারের ভয় পেতেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না। 'দিলজিৎ, এমনকী রণবীর বা দীপিকার ক্ষেত্রেও এমন কোনো প্রভাব পড়েনি।'
দিলজিৎ দোসাঞ্জ ইমতিয়াজের নতুন ছবি 'ম্যায় ওয়াপাস আউঙ্গা'র অন্যতম প্রধান চরিত্র। অভিনেতা-গায়ক দিলজিৎ তার আগের ছবি 'অমর সিং চমকিলা'রও নায়ক ছিলেন।
দিলজিৎকে কাস্ট করার প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, 'আমি সব সময় আগে চিত্রনাট্য লিখি, তারপর দেখি কোন অভিনেতাকে সেই চরিত্রে সবচেয়ে বেশি মানাবে। দিলজিতের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছিলাম, এই চরিত্রের জন্য (ম্যায় ওয়াপাস আউঙ্গা) সে-ই সবচেয়ে উপযুক্ত। যদি কোনো বিশেষ ছবির জন্য সে-ই সেরা অভিনেতা হয়, তবে পরপর একই অভিনেতার সঙ্গে কাজ করব না—এমন মানসিকতা কেন পোষণ করব?'
এই পরিচালক জানান, একই দর্শন কাজ করেছিল রণবীরের ক্ষেত্রেও। 'রকস্টার' ও 'তামাশা' ছবিতে একেবারে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ইমতিয়াজ বলেন, 'রণবীর একেবারেই অন্য একজন মানুষ ছিল (তামাশা-তে)। এখানেও, নির্ভাইর (দিলজিতের চরিত্র) চমকিলার থেকে সম্পূর্ণ আলাদা ব্যক্তি। ও এই চরিত্রে অভিনয় না করলে, বিষয়টা ঠিক এভাবে সম্ভব হতো না।'
'তামাশা' ছিল ইমতিয়াজের প্রথম ছবি, যেখানে তিনি পুরোনো অভিনেতাদের নিয়ে দ্বিতীয়বার কাজ করেছিলেন। বক্স অফিসে মাঝারি সাফল্য পাওয়া ছবিটি ১৩৬ কোটি টাকা আয় করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে 'তামাশা' কাল্ট ছবির মর্যাদা পেয়েছে।
ইমতিয়াজের সর্বশেষ সিনেমা রিলিজ 'অমর সিং চমকিলা' সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পায়। সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
তার পরবর্তী ছবি 'ম্যায় ওয়াপাস আউঙ্গা' দেশভাগের প্রেক্ষাপটে তৈরি রোমান্টিক ড্রামা। দিলজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না, শর্বরী ও নাসিরুদ্দিন শাহ। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
