ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
প্রতিবারের মতো এবারের পবিত্র ঈদুল আজহাতেও দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের ঈদ আনন্দ ভাগ করে নিতে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে বন্দিদের জন্য থাকবে পায়েশ বা সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে বিশেষ আয়োজন। মেনুতে রয়েছে পোলাও, গরু অথবা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। এছাড়া রাতের খাবারে বন্দিদের পরিবেশন করা হবে ভাত, মাছ ও আলুর দম।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ''প্রতি ঈদেই কারাবন্দিদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।''
তিনি আরও জানান, শুধু উন্নত মানের খাবারই নয়, প্রতিটি কারাগারে বন্দিদের চিত্তবিনোদনের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ নিজেদের সাধ্যমতো সেসব অনুষ্ঠানের আয়োজন করবেন। এছাড়া ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের গ্রহণের জন্যও বিশেষ আয়োজন ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
