২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫১
গত ২৪ ঘণ্টায় (১৪ মে সকাল ৮টা থেকে ১৫ মে সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ১৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া এসব রোগীদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১১১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে আরও ৩৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, এই বছর হাম ও হাম সদৃশ উপসর্গে সব মিলিয়ে ৪৫১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
ডিজিএইচএস-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়কালে সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৭ হাজার ৪১৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনের তথ্যমতে, দেশব্যাপী এ পর্যন্ত ৫৫ হাজার ৬১১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ০৫৫ জন।
