চট্টগ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে রাতভর মারধরের পর যুবকের মৃত্যু, আটক ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে 'চোর সন্দেহে' এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের একটি বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওই বাড়ির মালিক মাইনুদ্দিন এবং কাজের লোক সেলিমসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশ শনাক্তের কাজ করছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তার বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরখিল এলাকার একটি বাড়ির উঠানে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে স্থানীয়রা যুবকটিকে গাছের সঙ্গে বেঁধে রাতভর মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।'
তিনি আরও বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
ওসি বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে।'
এর আগে, গত ৪ এপ্রিল একই থানায় চুরির অভিযোগে দুই ভাইকে বেঁধে নির্যাতনের ঘটনায় নুরুল আবছার নামের এক যুবক নিহত এবং তার ভাই গুরুতর আহত হন।
