জামিনে কারামুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
তিনি বলেন, জামিনের কাগজপত্র রোববার কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি রিকশায় চড়ে মূল ফটকে আসেন। পরে সাদা রঙের একটি হাইস গাড়িতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন—এমন অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
পরে ৪ নভেম্বর দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।
এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ২০ নভেম্বর সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এ মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হলে গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
