হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এসব শিশুর মৃত্যু হয়।
একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৮ জন। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১টি শিশুর।
এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন ও চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছেন।
