ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এছাড়া, অভিযানে অবৈধ মজুত রাখার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুত রাখা এবং কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির দায়ে ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এসব ব্যবসায়ীদের জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদনও ছিল না। এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, 'মুদি দোকান, গ্যারেজ এবং শ্রমিকদের আবাসস্থলে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুত করার খবর পায় র্যাব। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। বাজারে কৃত্রিম সংকট রোধে ও তেলের অবৈধ মজুত ঠেকাতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
