ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্যসহ নানা বিষয় নিয়ে ইছাপুরা ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আক্তার ও বকুলের মধ্যে বিরোধ চলছে। গতকাল শনিবার আক্তারের সমর্থক এনামের সঙ্গে বকুলের সমর্থক রুবেলের কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনার জেরে আজ রোববার সকাল ৭টা থেকে পুনরায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'পুলিশের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
