এক মাসে ৪০ লাখ লিটার জ্বালানি উদ্ধার; পর্যাপ্ত মজুত আছে, এখনই দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় এখনই তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই দাম বাড়ানো হচ্ছে না।'
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী আরও জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া, অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।
তিনি বলেন, 'সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।'
গত এক মাসে অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
