প্রকল্প বহির্ভূতভাবে ডিপিডিসি কর্মকর্তাদের জন্য নির্মিত হচ্ছে সুইমিং পুল-জিমসহ বিলাসবহুল ভবন
বিদ্যুতের একটি প্রকল্পের অর্থ দিয়ে প্রকল্প বহির্ভূতভাবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা নিজেদের থাকার জন্য সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ বিলাসবহুল 'টুইন টাওয়ার' নির্মাণ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আক্ষেপের সুরে মন্ত্রী বলেন, 'বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার জন্য ডিপিডিসির একটি প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। সেই প্রকল্পের টাকায় প্রকল্পের কাজের বাইরে তাদের কর্মকর্তাদের থাকার জন্য রাজধানীর শাহবাগে দু'টি টুইন টাওয়ার বানানো হচ্ছে, যেখানে সুইমিং পুল ও জিম থাকছে। অথচ ডিপিডিসি লোকসানি প্রতিষ্ঠান!'
প্রকল্পটির বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, 'এখন এসব নির্মাণ বন্ধ করাও যাচ্ছে না। কারণ, কোনো কোনো জায়গায় ৫০ শতাংশ টাকা খরচ হয়েছে, কোথাও ৬০ শতাংশ খরচ হয়েছে।'
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, 'নির্মাণ বন্ধ করে দিলে ব্যয় করা অর্থের কী হবে?'
