রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তিন হাজারেরও বেশি বাসিন্দা।
আবাসন প্রকল্পটির নিজস্ব ৩৩ কেভি (কিলো ভোল্ট) উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বিষয়টি জানার পর দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে। তবে আবাসিক এলাকার নিজস্ব উপকেন্দ্রের ট্রান্সফরমারটি নষ্ট হওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ডিপিডিসি জানিয়েছে, বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে সমক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তবে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ফ্ল্যাট মালিক ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রয়োজনীয় আবেদন বা কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, 'নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। ডিপিডিসি সহযোগিতা দিতে প্রস্তুত থাকলেও সংকট সমাধানে ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয় প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের ব্যবস্থা করতে হবে।'
